মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৪৩
আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানি ছিলেন গবেষক ও গভীরদৃষ্টিসম্পন্ন আলেম: আয়াতুল্লাহ মুজতবা খামেনেয়ী

ইরানের বিশিষ্ট আলেম, ফকিহ ও শিয়া জগতের শীর্ষস্থানীয় গবেষকদের অন্যতম হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ মূসা শুবাইরি জাঞ্জানি (রহ.)-এর ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হুসাইনি খামেনেয়ী।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীর শোকবার্তার পূর্ণ বিবরণ তুলে ধরা হলো—

বিসমিল্লাহির রাহমানির রাহিম

মহান শিক্ষক, মর্যাদাবান ফকিহ, হযরত আয়াতুল্লাহ আল-উজমা শুবাইরি জাঞ্জানি (রহ.)-এর দুঃখজনক ইন্তেকালের সংবাদ পেয়েছি।

এই মহান আলেম তাঁর শৈশবের প্রথম কয়েকটি বছর ছাড়া জীবনের পুরোটা সময় জ্ঞানার্জন, জ্ঞানদান ও গবেষণার পথে অতিবাহিত করেছেন। সমসাময়িক ও সমপর্যায়ের আলেম এবং তাঁর শিক্ষকদের কাছে তিনি সবসময় একজন গবেষক ও গভীরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

শরিয়তের বিধান উদ্ভাবন ও নির্ণয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শাস্ত্রে তাঁর ছিল অসাধারণ দক্ষতা। একইসঙ্গে তিনি বিষয়গুলোর সূক্ষ্মতা ও খুঁটিনাটি দিক গভীরভাবে বিবেচনা করতেন।

তাঁর দারসের বৈঠকগুলোতে উপস্থিতির সংখ্যা সীমাবদ্ধ হলেও সেগুলো ছিল অনুসন্ধান ও সূক্ষ্ম গবেষণার জন্য সুপরিচিত। আর বাস্তবেও তাঁর দারসের বৈশিষ্ট্য ছিল এমনই।

আলহামদুলিল্লাহ, গত তিন দশকের কিছু বেশি সময়ে বহু মানুষ তাঁর মূল্যবান সান্নিধ্য থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী উপকৃত হওয়ার এবং নিজেদের জ্ঞানচর্চা ও পাঠদানের জন্য প্রয়োজনীয় পাথেয় সংগ্রহ করার সুযোগ পেয়েছেন।

তাঁর সান্নিধ্য ছিল জ্ঞান দান ও জ্ঞান অর্জনের এক অনন্য পরিবেশ। এমনকি দারস শেষে তিনি হেঁটে নিজের বাসভবনের দিকে যাওয়ার সময়ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁর জ্ঞান থেকে উপকৃত হওয়ার সুযোগ পেতেন।

তাঁর সুপ্রতিষ্ঠিত ইলম ও জ্ঞানগত মর্যাদার পাশাপাশি ছাত্র ও আলেমদের প্রতি তাঁর বিনয়ী ও পিতৃসুলভ আচরণও ছিল অত্যন্ত স্পষ্ট এবং শিক্ষণীয়।

নিঃসন্দেহে, এই অসাধারণ ব্যক্তিত্বের ইন্তেকালে সমকালীন শিয়া জগতের শীর্ষস্থানীয় গবেষকদের সারিতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে, যা পূরণ হতে হয়তো দীর্ঘ সময় লাগবে।

আমি এই শোকাবহ ঘটনায় আমাদের মাওলা হযরত ইমাম মাহদী (আ.ফা), ইসলামী জ্ঞানকেন্দ্রসমূহ এবং বিশেষ করে তাঁর ছাত্র, অনুরাগী ও ভক্তদের পাশাপাশি আলেম ও জ্ঞানী ব্যক্তিত্ব তৈরির ঐতিহ্যবাহী তাঁর পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহর দরবারে তাঁর মর্যাদা ও উচ্চতর অবস্থান কামনা করছি।

সাইয়্যেদ মুজতবা হুসেইনি খামেনেয়ী
২২ সেপ্টেম্বর, ২০২৬

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha